বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ১৩ নং মনোহরদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন প্রত্যাশা করেছেন প্রবীণ রাজনৈতিক নেতা মো. হাবিবুর রহমান হাবিব। তিনি মনোহরদিয়া ইউনিয়নে বর্তমানে বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণের সাথে কুশল ও মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন এই বিএনপি নেতা।কর্মসূচিতে মো. হাবিবুর রহমানের সাথে উপস্থিত ছিলেন মনোহরদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদার আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হাসান, প্রভাষক মনজের ইসলাম পাতা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওল্টু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদ হাসান লালন এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা জিন্নালিসহ স্থানীয় প্রবীণ ও তরুণ নেতা আনোয়ার খান, ইজাল উদ্দিন মন্ডল, আনিচুর রহমান ও রবিউল ইসলাম।মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী হাবিব ইউনিয়নের জনসমাগমপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন চাওয়া-পাওয়ার কথা শোনেন এবং নিজের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।হাবিবুর রহমান বলেন, আমি মনোহরদিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সমগ্র এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।আসন্ন নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন এই প্রবীণ বিএনপি নেতা। তাঁর নির্বাচনী ইশতেহারের মূল স্লোগান— স্বনির্ভর, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, মাদক ও নারী নির্যাতনমুক্ত নিরাপদ, পরিষ্কার-পরিচ্ছন্ন, ব্যবসায়ীবান্ধব ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ইউনিয়ন গঠন এবং টেকসই উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, সাম্য ও মানবিক মডেল ইউনিয়ন পরিষদ তৈরি।এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মনোহরদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাটসহ টেকসই অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সত্যিকারের মডেল ইউনিয়ন গড়ে তুলব।পরিশেষে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে এলাকার প্রবীণ মুরব্বি, তরুণ সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।