মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির বাধায় ভেস্তে গেছে সেই অপচেষ্টা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখার পাল্লাথল ও লাতু সীমান্ত দিয়ে তাঁদের পুশইনের চেষ্টা করলে বিজিবির টহল দলের নজরে আসে।
শূন্যরেখায় বিজিবির শক্ত অবস্থানের কারণে শূন্যরেখা থেকে ভারতীয় সীমানার ২০০ গজ অভ্যন্তরে বৃষ্টির মধ্যেই ঠেলে পাঠানো ২০ জন অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাঁদের ঠেলে পাঠানোর অপচেষ্টা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিজিবির বাধায় নারী-পুরুষসহ ২০ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে বলে জানান তিনি।