প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৯:০১ এ.এম
শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১
ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মজিবুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম তাদের বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মারামারির সময়ে ছোট ভাই রবিউলের লাঠির সজোড় আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুল ইসলাম মারা যান। আহত স্ত্রী ও ছেলেকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে স্থানীয় জনতা রবিউলের স্ত্রী মিলি খাতুনকে ঘটনাস্থল থেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গাছের সুপারি পাড়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এলাকাবাসী ঘটনার সাথে জড়িত রবিউলের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার মূল অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Copyright © 2026 দৈনিক সময়ের দিগন্ত. All rights reserved.