
ভেড়ামারায় রেলবাজারের ফুটপাত দখলমুক্তকরণে ইউএনও’র অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কুষ্টিয়ার ভেড়ামারায় জনভোগান্তি কমাতে রেলবাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত। অভিযানে ফুটপাত দখলের অভিযোগে নিউ বিজয় হোটেল ও বিশাল সুইটসকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালিত হয়। এর আগের দিন রবিবার উপজেলার বৃহত্তম পাইকারি বাজার কলেজ বাজারেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলেজ বাজার সংলগ্ন রেলবাজারের কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এতে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও রবিবার কলেজ বাজার এবং সোমবার রেলবাজারে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ইউএনও নিজেই দখলদারদের তৎপরতা প্রত্যক্ষ করেন। রেলবাজার এলাকায় অবৈধভাবে জনসাধারণের ব্যবহার্য রাস্তা দখলের অপরাধে নিউ বিজয় হোটেল ও বিশাল সুইটসকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। রবিবার কলেজ বাজারের রাব্বি স্টোরের মালিক আইনুলকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া অবৈধ দখলদারদের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।ইউএনও মো. আমিরুল আরাফাত বলেন, ‘কলেজ বাজারের পর রেলবাজারেও জনগণের ব্যবহার্য ফুটপাত দখল করে একটি গোষ্ঠী অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিনের এই জনভোগান্তি দূর করতে সোমবার অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন