
ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত
সালাম হোসেন, ঝিনাইদহ।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সেনাসদস্য সোহেল এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তুলি খাতুন তাঁর স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা বাইপাস গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে একটি রিকশা মূল সড়কে ওঠে। রিকশাটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সোহেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে তারা ছিটকে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্বামী সেনাসদস্য সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেলও মারা যান। নিহত সেনাসদস্য সোহেল চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন