
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীসহ পদ্মা নদীসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে ত্রাস হিসেবে পরিচিত ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি রায়হান প্রামাণিক ওরফে রায়েনকে (৪০) গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন একটি বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রায়হান উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান হবি প্রামাণিকের ছেলে।পুলিশ জানিয়েছে, তিনি পদ্মার চরাঞ্চলভিত্তিক শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘কাকন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজার মৌজা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন গ্রুপ ও মণ্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হন। বহুল আলোচিত ওই হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন রায়হান। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। পুলিশের তথ্যমতে, শুধু দৌলতপুর নয়, পার্শ্ববর্তী জেলাগুলোতেও বিস্তৃত ছিল রায়হানের অপরাধ কর্মকাণ্ড। তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা এবং নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
মন্তব্য করুন