
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চার জন আহত
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ চারজন গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর-ফতেপুর সড়কের কায়েমকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এর মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন, মেহেরপুরের বেড়পাড়া এলাকার মো: জলিল শেখের ছেলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম,সদর উপজেলার শোলমারি গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জাহিদা খাতুন।তাৎক্ষণিকভাবে এক নারী ও ঐ শিশুর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইজিবাইক চালক যাত্রী নিয়ে উজলপুর থেকে মেহেরপুর শহরের দিকে আসছিল। এসময় তারা কায়েমকাটা মোড়ের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়।ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তারা আরও বলেন, ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সংঘর্ষে ট্রাকটির জ্বালানি তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সংকট দেখা দেয়। পরে চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় চারজন আহত রয়েছে। চালক ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছে।ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।চালককে ধরতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন