
৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।
৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এবং ৫ আগস্টকে ঘিরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খোকসা উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় খোকসা উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আলাউদ্দিন খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ বাহারুল আলম, খোকসা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম (লুলু), যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাজীব এবং থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আজাদ শেখ।বক্তারা তাদের বক্তব্যে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন। র্যালি ও আলোচনা সভায় খোকসা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন